শিবগঞ্জ উপজেলা মোকামতলায় পুলিশের সফল অভিযান: ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাসেল আহম্মেদ
০২ মার্চ, ২০২৬ সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস আভিযানিক দল পুনরায় তাদের কর্মদক্ষতা ও জননিরাপত্তায় আপসহীন অবস্থানের প্রমাণ দিয়েছে। সোমবার এক বিশেষ অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুর গ্রামস্থ ‘মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশন’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশিকালে রংপুর থেকে ঢাকাগামী একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের হেফাজত থেকে ৩ কেজি ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত দুই ব্যক্তি হলেন: মোঃ আরিফ হোসেন (১৯), পিতা- মোঃ আঃ বারেক। মোঃ পলাশ মিয়া (২০), পিতা- মোঃ মোতালেব হোসেন। উভয় অভিযুক্তের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাতারি গ্রামে। অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের ভাষ্য: মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মহাসড়ক ব্যবহার করে কোনোভাবেই যেন মাদক পাচার হতে না পারে, সে লক্ষে মোকামতলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।
