
বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26
বগুড়া জেলা প্রতিনিধি:
তরুণ প্রজন্ম ও সম্ভাবনাময় পেশাপ্রত্যাশীদের ক্যারিয়ার গঠন, পেশাগত দিকনির্দেশনা এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে CareerNex 2025/26।
শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে আয়োজিত এ ক্যারিয়ার ও পেশাগত উন্নয়নমূলক অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা তরুণ-তরুণী এবং চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণদের সামনে ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং একটি সমৃদ্ধ ও সফল ক্যারিয়ার গঠনে তাদের অনুপ্রাণিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রিলেট বিজনেস) মো. আনোয়ার হোসেন, হেড অব ট্রেনিং রাজু আহমেদ ইবনে হাবিব, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বেলাল হোসেন এবং আয়োজক প্রতিষ্ঠানটির এজিএম মো. মুস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী হাসান (বিবিএ), বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম এবং বিটাক বগুড়ার জব প্লেসমেন্ট অফিসার রায়হান শরীফ সোহাগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এএসএম মোহাম্মদ আমিনুল ইসলাম।
CareerNex 2025/26-এ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্যারিয়ার গঠন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তরুণদের প্রস্তুত করে তোলা এবং তাদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এমন উদ্যোগ তরুণদের কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা তৈরির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।